
কাশিয়ানীতে জাতীয় যুব দিবস পালিত
স্টাফ রিপোর্টার, জুয়েল মিয়া:
গোপালগঞ্জের কাশিয়ানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়া সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, সিনিয়র সদস্য মোহাম্মদ আরজু শেখ এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এমদাদুল হক।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে যুবসমাজের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।