
কাশিয়ানীতে বালু উত্তোলনের অভিযোগ, কৃষিজমি ক্ষতির আশঙ্কা
স্টাফ রিপোর্টার, জুয়েল মিয়া :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরিয়া ইউনিয়নের বিদ্যাধার গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে আব্দুর রহিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, একই স্থান থেকে টানা এক থেকে দুই মাস ধরে বালু উত্তোলন করে তা ৮ নম্বর ওয়ার্ডের দিকে সরবরাহ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, বালু উত্তোলন বন্ধে সাংবাদিক ও প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গেলে সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখা হয়। তবে তাঁরা ঘটনাস্থল ত্যাগ করার পর আবারও বালু উত্তোলন শুরু করা হয় বলে অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ড্রেজার মালিক আব্দুর রহিম প্রভাবশালী মহলে তাঁর লোকজন রয়েছে বলে দাবি করে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য এবং অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয়দের আশঙ্কা, এভাবে অব্যাহতভাবে বালু উত্তোলন করা হলে আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হতে পারে।
এতে জমির মালিক ও কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এ অবস্থায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
প্রশাসনের তদন্ত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে কৃষিজমি রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।