
কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি
স্টাফ রিপোর্টার, আল ইমরান:
গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকার নির্ধারিত স্বল্পমূল্যে প্যাথলজি পরীক্ষা চালু রয়েছে। একই সঙ্গে ডেঙ্গু, কলেরা ও যক্ষ্মার ৪টি পরীক্ষা করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।
হাসপাতাল কর্তৃপক্ষ সেবার স্বচ্ছতা নিশ্চিত করতে প্যাথলজি বিভাগের সামনে সরকারি মূল্য তালিকা সম্বলিত সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। সম্প্রতি তোলা ওই তালিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।
হাসপাতালের ওই তালিকা অনুযায়ী —
২০ টাকায় হচ্ছে Urine R/E এবং Stool for RE পরীক্ষা। ৩০ টাকায় BT, CT, ৫০ টাকায় IgG ও IgM for Dengue এবং S. Cholesterol, ৬০ টাকায় RA Test ও S. Bilirubin, ৭০ টাকায় SGPT, ৮০ টাকায় Widal Test ও Urine for PT, ১০০ টাকায় ASO Titer ও Blood Grouping, এবং ১৫০ টাকায় CBC, CRP ও HBS Ag পরীক্ষা করা হচ্ছে।
এছাড়া জনস্বাস্থ্য বিবেচনায় ৪টি পরীক্ষা সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। এগুলো হলো – NS1 AG FOR DENGUE, RDT FOR CHOLERA, SPUTUM FOR AFB এবং SPUTUM FOR GENE XPERT।
রক্ত পরিসঞ্চালনের জন্য Crossmatching & Screening এর ফি নির্ধারণ করা হয়েছে General Bed এর জন্য ৩৫০ টাকা এবং Cabin/Outpatient এর জন্য ৬০০ টাকা।
স্থানীয়দের মতে, বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে যেখানে একই পরীক্ষায় ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত গুনতে হয়, সেখানে সরকারি হাসপাতালে ২০ থেকে ১৫০ টাকায় পরীক্ষা করাতে পারায় দরিদ্র রোগীরা ব্যাপক উপকৃত হচ্ছেন। প্রকাশ্যে মূল্য তালিকা থাকায় দালালদের দৌরাত্ম্য ও অতিরিক্ত ফি আদায় বন্ধ হবে বলেও আশা করছেন সেবা গ্রহীতারা।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ফিতেই সকল পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতেই মূল্য তালিকা প্রকাশ্যে টানানো হয়েছে।