
কাশিয়ানীতে মাদক বিক্রির স্থান ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪
স্টাফ রিপোর্টার:-
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নে মাদক বিক্রির স্থান ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাট্টাইধোবা গ্রামের গিয়াস মুন্সীর মুদি দোকান সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- ভাট্টাইধোবা গ্রামের শাহি মোল্লা, আলামিন মুন্সী, জসিম মোল্লা ও অজ্ঞাত আরও একজন। এদের মধ্যে আলামিন মুন্সীর অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রে জানা যায়, মাজড়া বাজারের কুবাদ মোল্লা, শামিম মোল্লা, ভাট্টাইধোবা মোল্লা পাড়ার শাহি মোল্লা এবং ভাট্টাইধোবা মুন্সী পাড়ার আলামিন মুন্সীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। মাদক বিক্রির জায়গা ভাগাভাগি নিয়ে শাহি মোল্লা ও আলামিন মুন্সীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল-সড়কি, রামদা, চাইনিজ কুড়াল ও এড়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে মাজড়া বাজারের ক্লাব মাঠ, মাজড়া সরকারি নতুন মার্কেট (পূর্বে চান্দী ঘর), মাজড়া-ভাট্টাইধোবা ফাতিমা এতিমখানার পূর্বে ইনুচ খাঁর বাগান, পেছনে মৃত মহেশ সরদারের বাগান, দুলাল সাহার বাড়ি, ভাট্টাইধোবা বাস স্ট্যান্ড, ভাট্টাইধোবা চরপাড়া, মোল্লা পাড়া, মুন্সী পাড়া, তালুকদার পাড়া, খাঁ বাড়ি এলাকায় সন্ধ্যার পর প্রকাশ্যে মাছের ভাগারের মতো গাঁজা, ইয়াবা ও হেরোইন বিক্রি করা হচ্ছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় তারা এ ব্যবসা চালিয়ে যাচ্ছে।
এ ঘটনায় পুলিশকে জানানো হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, "এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।