
সাবেক যুবলীগ নেতার রাজনীতি থেকে সরে আসার ঘোষণা, বিএনপিতে যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:
রাজনীতি থেকে স্থায়ীভাবে সরে এসে ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা মো. মঞ্জুরুল করিম। বর্তমানে কারাগারে থাকা এই নেতার পক্ষে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তার স্ত্রী মোসা. খয়েরুন্নেছা।
রোববার (৪ অক্টোবর) কচুয়া প্রেস ক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী মঘিয়া ইউনিয়নের সাবেক নির্বাচিত চেয়ারম্যান এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তবে ২০২২ সাল থেকেই তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে সম্পূর্ণ নিষ্ক্রিয় করে রাখেন। পরবর্তীতে যৌথ অভিযানে গত ৪ আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে খয়েরুন্নেছা দাবি করেন, "আমার স্বামী জেলগেটে সাক্ষাৎকালে নিশ্চিত করেছেন, তিনি আর কখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হবেন না। তিনি ও আমাদের পরিবার আওয়ামী লীগের কোনো অপকর্মকে কখনো সমর্থন করি না এবং ভবিষ্যতেও করব না।"
তিনি আরও জানান, কারামুক্ত হলে মো. মঞ্জুরুল করিম বিএনপির আদর্শে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হবেন এবং দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। বর্তমানে আওয়ামী লীগের সাথে তাদের পরিবারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।