
ফরিদপুরের আলফাডাঙ্গার বিএনপি নেতা খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
মোহম্মদ আবুল বাশার, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপি'র সাবেক সহসভাপতি মোঃ খোশবুর রহমান খোকনের দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
গত ২১ নভেম্বর'২৬ থেকে তাঁর ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলের প্রাথমিক সদস্য হিসেবে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা বিএনপির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মোঃ খোশবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর ওপর থাকা দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের আদর্শ, লক্ষ্য ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন। এ আদেশের অনুলিপি ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খোন্দকার নাসিরুল ইসলাম নাসির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও পাঠানো হয়েছে।
দলীয় এ সিদ্ধান্তের পর আলফাডাঙ্গার বিএনপি নেতা কর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। নেতাকর্মীদের প্রত্যাশা, খোশবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে উপজেলা বিএনপির সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে এবং দলীয় কার্যক্রমে নতুন গতি আসবে।