
কচুয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন
বাগেরহাট প্রতিনিধি:
'মেধার আলোয় দীপ্ত পথ, গড়ব নতুন ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন।
সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেনারেল সেক্রেটারি এস এম এ যুবায়ের রানা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশন পাশে থাকবে এবং সহযোগিতা করবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না। প্রধান অতিথির বক্তব্যে মেহেদী মান্না বলেন, ‘জিপিএ-৫ পেয়ে হাল ছেড়ে দিলে চলবে না। জীবনের লক্ষ্য ঠিক রাখতে হবে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে শিখতে হবে।’ এ সময় তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার এমন উদ্যোগের প্রশংসা করেন এবং সংগঠনটির পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সরদার রেজাউল করিম, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক মো. মনিরুজ্জামান, শহীদ আব্দুল জলিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস উদ্দিন জোমাদ্দার, আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুলা মিত্র, মোবাইদুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুন নাহার শাপলা এবং সাবেক সেনাসদস্য আল-আমিন। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।